১২ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পরিবারের অভিযোগ ও শিশুর জবানবন্দি অনুযায়ী, ভুক্তভোগীর মা ও ভাই দীর্ঘদিন ধরে ওই তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করতেন। সেই সুবাদে শিশুটির সেখানে নিয়মিত যাতায়াত ছিল। অভিযোগ রয়েছে, দায়িত্ব নেওয়ার পর থেকে খোরশেদ আলম শিশুটিকে বাসায় ডেকে এনে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ঘটনা গোপন রাখতে হুমকির পাশাপাশি অর্থের প্রলোভনও দেওয়া হতো বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরিবারের নিরাপত্তার ভয়ে এতদিন বিষয়টি চেপে রাখা হয়েছিল।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত ও দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ওসি জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন