বিশ্ববাজারে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্বর্ণের দাম।
বিশ্ব অর্থবাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে মূল্য নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে।
রয়টার্সের ১৩ এপ্রিলের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সময় সকালেই আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দর ০.৬ শতাংশ কমে প্রতি আউন্সে ৪,৭১৮.৯৮ ডলারে দাঁড়ায়। এটি ৭ এপ্রিলের পর সবচেয়ে নিচের অবস্থান। একই সময়ে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারি গোল্ড ফিউচারসও ১ শতাংশ কমে ৪,৭৪২ ডলারে নেমে আসে।
কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারার মনে করেন, শান্তি আলোচনায় অগ্রগতি না থাকায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে। ফলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ থেকে সরে যাচ্ছে এবং ডলার ও তেলের বাজারে ঝুঁকছে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম যদি ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়, তবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর দিকে যেতে পারে। এমন সম্ভাবনার কারণেই বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে কিছুটা সরে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মূল্যবান ধাতুর বাজারেও একই ধরনের চাপ দেখা গেছে। রুপা ও প্লাটিনামের দাম নিম্নমুখী হয়েছে, যদিও প্যালাডিয়ামের ক্ষেত্রে কিছুটা উল্টো প্রবণতা দেখা যায়—এটির দর সামান্য বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে স্থানীয় বাজারে স্বর্ণের দাম আগের অবস্থানেই রয়েছে। ২২ ক্যারেটসহ বিভিন্ন মানের স্বর্ণের দর অপরিবর্তিত থাকায় বাজারে এখন স্থিতিশীল পরিস্থিতি বজায় আছে বলে জানা গেছে।

মতামত দিন