ইসরায়েলকে সমর্থন আর্জেন্টিনার, ইউরোপের ইহুদিদের স্থানান্তরের পরামর্শ।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই গত সোমবার বুয়েনোস আইরেসের পালাসিও লিবের্তাদ সাংস্কৃতিক কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন। প্রভাবশালী ইহুদি ধর্মীয় নেতা রাব্বি মেনাহেম মেন্ডেল শ্নিয়ারসনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৮০০ জন ইহুদি অংশগ্রহণ করেন।
বক্তব্যে মিলেই ইহুদি-খ্রিস্টীয় মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই মূল্যবোধ গ্রহণ করলে আধ্যাত্মিক ও পার্থিব জীবন একই সুরে মিলে যায়। চাবাদ আন্দোলনের কোনো বড় অনুষ্ঠানে কোনো অ-ইহুদি রাষ্ট্রপ্রধানের এভাবে আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানোর ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
মিলেইয়ের ইহুদি ধর্মের প্রতি আগ্রহ দীর্ঘদিনের। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ইসরায়েলপন্থি অবস্থান নিয়েছেন এবং এটিকে তার পররাষ্ট্রনীতির কেন্দ্রে রেখেছেন। এর আগে তিনি নিউইয়র্কে শ্নিয়ারসনের সমাধি এবং জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করেছেন। এমনকি অবসরের পর ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছেন তিনি।
গত এপ্রিলে ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কৌশলগত চুক্তি করেন মিলেই এবং বুয়েনোস আইরেস-তেল আবিব সরাসরি বিমান চলাচল চালুর ঘোষণা দেন। পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আর্জেন্টিনা, যা নিয়ে তেহরানের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনও তৈরি হয়।

মতামত দিন