এইচএসসি পরীক্ষা ২০২৬ এর আসন বিন্যাস প্রকাশ।
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়।
এবার মোট ৩১৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে ৩০৯টি দেশের ভেতরে এবং বাকি আটটি বিদেশে। আসন বিন্যাসের পাশাপাশি প্রতিটি কেন্দ্রের কোড নম্বর, অধীনস্থ কলেজের নাম ও কোড, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার তথ্যও প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি সংগ্রহ করে জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র ও উত্তরপত্র বোর্ড থেকে নিয়ে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআরের প্রথম অংশ ডাকযোগে বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।
জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন। কেন্দ্র হিসেবে মনোনীত কলেজের অধ্যক্ষ বা জ্যেষ্ঠ অধ্যাপক ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকবেন।

মতামত দিন