অর্থনীতি
ছবি: সংগৃহীত

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড পুনরায় বিক্রির জন্য তারিখ ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারের ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড পুনরায় বিক্রির জন্য আগামী মঙ্গলবার নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের নভেম্বরে ১০ দশমিক ৩৯ শতাংশ কুপন হারে ছাড়া বন্ডটির অবশিষ্ট প্রায় সাড়ে নয় বছরের জন্য এই রি-ইস্যু নিলাম হবে। বন্ডের অভিহিত মূল্য ৩ হাজার ৫০০ কোটি টাকা এবং এটির মেয়াদ শেষ হবে ২০৩৫ সালের নভেম্বরে।

নিলামটি পরিচালিত হবে মূল্যভিত্তিক পদ্ধতিতে। অংশগ্রহণকারীদের প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে কাঙ্ক্ষিত দাম ও পরিমাণ উল্লেখ করে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এফএমআই প্ল্যাটফর্মে ইলেকট্রনিক বিড জমা দিতে হবে। বিশেষ পরিস্থিতিতে অনুমতি সাপেক্ষে সিলগালা খামে ম্যানুয়াল বিডও গ্রহণযোগ্য হবে।

সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিবন্ধিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি নিলামে অংশ নিতে পারবে। অন্য প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড দাখিলের সুযোগ পাবে।

মতামত দিন