নতুন ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন।
ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে কর কাঠামোর সংযোগ আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, করভিত্তি সম্প্রসারণ এবং আরও বেশি মানুষকে আনুষ্ঠানিক কর ব্যবস্থার আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে কেউ নতুন ব্যাংক হিসাব খুলতে চাইলে তাকে টিআইএন সনদ দাখিল করতে হবে। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না। একইভাবে ১০ টাকার বিশেষ ব্যাংক হিসাব, নো-ফ্রিলস অ্যাকাউন্ট, সরকারি ভাতা গ্রহণের জন্য খোলা হিসাব এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টও এই বাধ্যবাধকতার বাইরে থাকবে।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৭ কোটিরও বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন বিধান কার্যকর হলে নতুন হিসাবধারীদের কর শনাক্তকরণ নম্বর সংগ্রহ করতে হবে, যা রাজস্ব ব্যবস্থাপনায় আরও বিস্তৃত তথ্যভাণ্ডার গড়ে তুলতে সহায়ক হবে বলে সরকারের ধারণা।
নীতিনির্ধারকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজস্ব আহরণ আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।
মতামত দিন