জাতীয়
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনে অর্থবিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে বিকেলে সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্য নিয়ে ঘোষিত এ বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

সরকারের প্রস্তাব অনুযায়ী, আগামী অর্থবছরে রাজস্ব থেকে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সম্ভাব্য ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা মেটাতে দেশি-বিদেশি উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহ করা হবে।

অর্থায়ন পরিকল্পনায় বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা জোগাড়ের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ব্যাংক খাত থেকে আসবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা, আর সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ১৫ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা ধরা হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং ৬ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

মতামত দিন