জাতীয়
ছবি: সংগৃহীত

বেসরকারি চাকরিজীবীদের অবসরে মিলবে পেনশনের নতুন সুবিধা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বেসরকারি খাতে কর্মরতদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদারে সর্বজনীন পেনশন ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করার ঘোষণা এসেছে। প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত বয়স পূরণের পর একজন অংশগ্রহণকারী তার জমাকৃত কর্পাসের সর্বোচ্চ ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে উত্তোলনের সুযোগ পাবেন।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগের কথা তুলে ধরা হয়। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের সংশোধিত বাজেটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ মে পর্যন্ত সর্বজনীন পেনশনের চারটি স্কিমে নিবন্ধন করেছেন ৩ লাখ ৭৭ হাজার ৯৩০ জন। এ সময়ে তহবিলে জমা হয়েছে প্রায় ২৬০ কোটি টাকা এবং বিনিয়োগের পরিমাণ পৌঁছেছে ২৮৬ কোটি টাকায়।

সম্প্রতি জাতীয় পেনশন কর্তৃপক্ষের এক পর্যালোচনা সভায় জানানো হয়, দেশের প্রায় ১ কোটি ৮০ লাখ বেসরকারি শ্রমিক ও কর্মজীবী এখনও কোনো প্রাতিষ্ঠানিক অবসর সুবিধার আওতায় নেই। সেই বাস্তবতা বিবেচনায় পেনশন কর্মসূচিকে আরও কার্যকর ও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলোচনায় শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালু, নমিনিদের জন্য আজীবন পেনশন সুবিধা এবং আউটসোর্সিং কর্মীদের ‘প্রগতি’ স্কিমে অন্তর্ভুক্ত করার বিষয়ও গুরুত্ব পায়।

‘প্রগতি’ স্কিম অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান অংশ নিলে মাসিক চাঁদার অর্ধেক বহন করবে কর্মী এবং বাকি অর্ধেক দেবে প্রতিষ্ঠান। মাসিক জমার পরিমাণ ১ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। এ স্কিমে আয়কর রেয়াত, করমুক্ত পেনশন এবং রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত বিনিয়োগ সুবিধাও রাখা হয়েছে।

মতামত দিন