অর্থনীতি
ছবি: সংগৃহীত

ব্যবসার সাত সেবায় বিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব, বাড়বে ডিজিটাল নজরদারি।

নিজেস্ব প্রতিবেদক:

ব্যবসায়িক তথ্যভাণ্ডার আরও নির্ভুল করা এবং ভ্যাট আদায়ে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে সাত ধরনের সেবার ক্ষেত্রে ব্যবসা সনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে। এর আওতায় প্রথমবারের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও বিআইএন বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাবিত ব্যবস্থায় কোনো ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খুলতে চাইলে, ঋণ নিতে চাইলে কিংবা ট্রেড লাইসেন্স নবায়ন করতে চাইলে আগে বিআইএন নিতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন, প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ, এমএফএস মার্চেন্ট অ্যাকাউন্ট চালু এবং বিআরটিএতে প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের ক্ষেত্রেও।

সরকারের ধারণা, এ ব্যবস্থার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের একটি সমন্বিত ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে উঠবে, যা ভ্যাট ফাঁকি কমানোর পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে।

এ লক্ষ্যে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করতে ‘সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন’ নামে একটি কেন্দ্রীয় তথ্য সমন্বয় ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংকিং খাত, বিদ্যুৎ-গ্যাস-পানি সেবা, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের ডাটাবেজের সঙ্গে সংযুক্ত করা হবে।

নীতিনির্ধারকদের মতে, বিভিন্ন উৎসের তথ্য এক প্ল্যাটফর্মে এলে কর ও ভ্যাট প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, অনিয়ম দ্রুত শনাক্ত করা সহজ হবে এবং সামগ্রিক রাজস্ব আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে।

মতামত দিন