গ্যাস লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, নারায়ণগঞ্জে একই পরিবারের ৫ জন দগ্ধ।
নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে মোস্তফা মিয়ার মালিকানাধীন একটি ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্করাও রয়েছেন। চিকিৎসাধীনদের অবস্থা বেশিরভাগেরই গুরুতর।
দগ্ধদের তালিকায় রয়েছে হজরত আলী (৮), মিম (১৩), সিয়াম (১৯), সুলতানা (৩৫) ও আব্দুল মান্নান (৫০)।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সুলতানার শরীরের প্রায় ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ, মান্নানের ৩০ শতাংশ এবং হজরত আলীর ৮ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, রান্নার গ্যাস লাইনে লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল, যা থেকেই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মতামত দিন