আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাত ১টার মধ্যে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৯টি জেলায় আজ বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার মধ্যে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।

একইসঙ্গে এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিকেল ৩টায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়। এতে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এইসব এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে আরও বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে প্রবেশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে এটি দেশের বাকি অংশেও বিস্তার লাভ করতে পারে।

আগামী শুক্রবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশালের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন