ইরানের অজান্তে হরমুজ প্রণালী দিয়ে ১০ কোটির বেশি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প।
ইরানের অজান্তে হরমুজ প্রণালী দিয়ে ১০ কোটির বেশি ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে পাঠানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে, গত মাসে মার্কিন সামরিক বাহিনী গোপনে ২০০টির বেশি বাণিজ্যিক জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ নিরাপদে পার করতে সাহায্য করেছে।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, তিনি নিজেই এই অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি এতটাই গোপনে সম্পন্ন হয়েছে যে ইরান টের পর্যন্ত পায়নি। তার দাবি, রাতের আঁধারে আলো নিভিয়ে জাহাজ চলাচল করানো হয়েছে, কারণ ইরানের রাডার ব্যবস্থা আগেই গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়, যা বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
তবে এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে। মে মাসে 'প্রজেক্ট ফ্রিডম' নামে একটি অভিযান পরিকল্পনা করা হলেও মিত্র দেশগুলোর সমর্থন না পেয়ে সেটি বাতিল হয়ে যায়। পরে মাসের শেষ দিকে একই ধরনের কার্যক্রম শুরুর খবর এলে মার্কিন সেন্ট্রাল কমান্ড তা সরাসরি অস্বীকার করে।
মতামত দিন