প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য রেলভাড়ায় বিশেষ ছাড়।
বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের ট্রেন ভ্রমণ সহজ করতে সরকার নতুন ভাড়া ছাড়ের ব্যবস্থা চালু করেছে। রেলপথ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক পরিপত্রের মাধ্যমে গত ২৫ মে থেকে এই সুবিধা কার্যকর হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা টিকিটের মূল মূল্যে ২৫ শতাংশ ছাড় পাবেন। জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে বয়স যাচাই করা হবে। তবে এই সুবিধা পেতে রেলওয়ের টিকিটিং সিস্টেমে নিবন্ধন ও এনআইডি যাচাইকরণ সম্পন্ন করতে হবে। একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুবার এই ছাড় ব্যবহার করতে পারবেন। সহযাত্রীও যদি ৬৫ বছর বা তার বেশি বয়সী হন, তাহলে প্রতি বুকিংয়ে একজন অতিরিক্ত প্রবীণ যাত্রীও ছাড় পাবেন, তবে তাকে নিজের মোবাইল নম্বরে আলাদাভাবে যাচাই হতে হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের 'সুবর্ণ' পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরা আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে ৫০ শতাংশ ছাড় পাবেন। আপাতত কাউন্টার থেকে টিকিট কিনলেই কেবল এই সুবিধা মিলবে, তবে ভবিষ্যতে অনলাইনেও চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া এসি শ্রেণির সব টিকিটেও ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। সার্ভিস চার্জ ও ভ্যাটসহ অন্যান্য ফি আগের মতোই বহাল থাকবে।
মতামত দিন