আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলার দাবি ইরানের, উত্তেজনা আরও তীব্র।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের বিরুদ্ধে একাধিক সমন্বিত হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির ভাষ্য অনুযায়ী, বাহরাইন, কুয়েত ও জর্ডানসহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সময়ে তেহরানে মার্কিন বাহিনীর হামলার প্রতিক্রিয়াতেই এই অভিযান পরিচালনা করা হয়। তাদের দাবি, পুরো অঞ্চলে অন্তত ১৮টি পৃথক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিকে প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়। সেখানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমানগুলোকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় ইরানি সামরিক সূত্র।

এছাড়া কুয়েতের দুটি এবং বাহরাইনের একটি মার্কিন সামরিক ঘাঁটিও একই সময়ের মধ্যে টার্গেট করা হয়েছে বলে দাবি করা হয়। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করা হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতেও আঘাত হানা হয়েছে, যার ফলে সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। তবে এসব দাবির পক্ষে স্বাধীন কোনো উৎস থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিবৃতিতে ইরান সতর্ক করে বলেছে, তাদের ভূখণ্ড বা স্বার্থে যেকোনো হামলার জবাব আরও কঠোর হবে এবং এই ধরনের সামরিক উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।

মতামত দিন