জাতীয়
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা, বদলে যাচ্ছে শিক্ষার কাঠামো।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)–সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি অর্জনের পরও কর্মবাজারে দক্ষতার ঘাটতি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। এই ‘স্কিল গ্যাপ’ কমাতেই স্কুল পর্যায় থেকেই বাস্তবমুখী শিক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সাধারণ বিষয়ের পাশাপাশি একটি নির্দিষ্ট কারিগরি বা বৃত্তিমূলক বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। এতে থাকবে কম্পিউটার ও আইসিটি দক্ষতা, প্রাথমিক কোডিং, অফিস অ্যাপ্লিকেশন এবং ফ্রিল্যান্সিংয়ের ধারণার মতো ডিজিটাল স্কিলস।

এর বাইরে হাতে-কলমে শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিসিং, গ্রাফিক ডিজাইন, সেলাই ও বুটিকস এবং কৃষিভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ। এসব কার্যক্রম মূলত ল্যাব ও ওয়ার্কশপ নির্ভরভাবে পরিচালিত হবে।

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে ধাপে ধাপে প্রয়োজনীয় অবকাঠামো ও ল্যাব স্থাপনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষকদের কারিগরি বিষয়ে দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত ল্যাব সুবিধা নেই, সেসব স্কুলকে নিকটবর্তী টেকনিক্যাল স্কুল ও কলেজের সঙ্গে যুক্ত করে যৌথভাবে ক্লাস পরিচালনার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে।

মতামত দিন