জাতীয়
ছবি: সংগৃহীত

‘কৃষক কার্ডে’ নগদ সহায়তা, বাজেটে থাকছে হাজার কোটি টাকার বেশি বরাদ্দের পরিকল্পনা।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় বাজেটে কৃষকদের জন্য নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচিতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখার প্রস্তুতি নিয়েছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কর্মসূচিটি বাস্তবায়নে এক হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব থাকতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম ধাপে দেশের ১০০টি উপজেলার প্রায় ৪২ লাখ ৫০ হাজার কৃষক এই সুবিধার আওতায় আসবেন। বিশেষ করে ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

পরিকল্পনা অনুযায়ী, কার্ডধারী প্রত্যেক কৃষক বছরে একবার ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি নগদ সহায়তা পাবেন। সরকারের ধারণা, এ ধরনের সহায়তা ক্ষুদ্র কৃষকদের উৎপাদন কার্যক্রমে বাড়তি সহায়ক হবে এবং তাদের আর্থিক ঝুঁকি কিছুটা কমাবে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কৃষিকে আরও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিতে দাঁড় করাতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা সহজলভ্য করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। গত পয়লা বৈশাখ এ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়।

এদিকে বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

প্রাথমিক হিসাব অনুযায়ী, আগামী অর্থবছরে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সম্ভাব্য বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা পূরণে দেশীয় ও বিদেশি উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন