গাইবান্ধার বিএনপি-জামায়াত সংঘর্ষে ককটেল বিস্ফোরণ।
গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটিকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে পৌর শহরের ছোটশিমুলতলা এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুই পক্ষের লোকজন আলাদা আলাদাভাবে জড়ো হতে শুরু করে। একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে পরিস্থিতি সহিংস রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যদিও সেগুলো ককটেল ছিল কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। হাট এলাকার কয়েকটি অস্থায়ী স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কিছু গাছ কেটে ফেলার অভিযোগও উঠেছে।
স্থানীয়দের দাবি, পানহাটির নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছে। সাম্প্রতিক সময়েও এ ইস্যুতে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
পলাশবাড়ী থানার ওসি সারোয়ারে আলম খান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে। তবে বিস্ফোরণের বিষয়ে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত মাসেও একই এলাকাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হন উপজেলা জামায়াতের এক নেতা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

মতামত দিন