অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি, স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে আসছে নতুন অর্থায়ন

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও জনসংখ্যা ব্যবস্থাপনা শক্তিশালী করতে বড় অঙ্কের অর্থায়নে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান সংক্রান্ত দুটি পৃথক চুক্তি সই করেছে সরকার।

বুধবার (১০ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানায়, চুক্তির আওতায় বিশ্বব্যাংক থেকে ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন এসডিআর, অর্থাৎ প্রায় ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পাওয়া যাবে। পাশাপাশি গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (জিএফএফ) থেকে ২৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে।

এই অর্থায়নের মাধ্যমে দেশের স্বাস্থ্য অবকাঠামো ও সেবার মানোন্নয়নে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর একটি পরিচালনা করবে স্বাস্থ্য অধিদপ্তর, যার মূল লক্ষ্য স্বাস্থ্য ও পুষ্টিসেবা উন্নত করা এবং পুরো স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করে তোলা।

অন্য প্রকল্পটি বাস্তবায়ন করবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এতে জলবায়ু সহনশীল প্রজনন স্বাস্থ্যসেবা, জনসংখ্যা ব্যবস্থাপনা এবং সেবার সমতাভিত্তিক সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সরকারের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান বৃদ্ধি, সেবা পাওয়ার সুযোগ সম্প্রসারণ এবং ব্যবস্থাপনার সক্ষমতা জোরদার করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।

এছাড়া স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিচালন কাঠামো উন্নয়ন, সেবার দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা তৈরির বিষয়ও প্রকল্প দুটির আওতায় গুরুত্ব পাবে।

মতামত দিন