৮২ কোটি টাকায় ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় পরিসরে মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন পেয়েছে।
বুধবার অনুষ্ঠিত কমিটির ২৬তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পুরো ক্রয়ে সরকারের ব্যয় হবে ৮২ কোটি ৫৪ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৮২ টাকা ৫৪ পয়সা এবং পণ্যটি ৫০ কেজি ওজনের বস্তায় সরবরাহ করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাজশাহীর পবা উপজেলার নাবিল নাবা ফুডস লিমিটেডকে সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, সরকারি মজুত শক্তিশালী রাখা, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঝুঁকি কমানোর কৌশলের অংশ হিসেবেই এই ক্রয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনের সময় ভোক্তাদের কাছে সহনীয় মূল্যে পণ্য পৌঁছে দিতেও এই উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন