আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ ১৩ জন নিহত।
রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের ওপর বোমা পড়ল। আফগানিস্তানের খোস্ত প্রদেশের স্পেরা জেলায় একটি বাড়িতে পাকিস্তানি বিমান হামলায় ৯ জন প্রাণ হারান, আহত হন ১০ জন।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে জানান, নিহতদের মধ্যে ১১ শিশু, একজন নারী ও একজন বৃদ্ধ রয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন নারী ও শিশু। ঘটনাটিকে 'মানবিক অপরাধ ও আগ্রাসন' আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে কাবুল প্রশাসন। পাকিস্তান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
ধারণা করা হচ্ছে, এর কিছুদিন আগে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান তালেবানের (টিটিপি) হামলায় ফেডারেল কনস্ট্যাবুলারির ৬ সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই বিমান হামলা চালানো হয়েছে।
দুই দেশের সম্পর্ক এমনিতেই তলানিতে। চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অভিযোগে তা ভেঙে পড়ে। জাতিসংঘের হিসাবে এ বছরের প্রথম তিন মাসেই আন্তঃসীমান্ত সংঘাতে ৩৭২ আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

মতামত দিন