নির্বাচনী দায়িত্বে মৃত্যু হলে পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি, নতুন নীতিমালা জারি।
এতদিন নির্বাচনী দায়িত্বে মারা গেলে পরিবার কত পাবে, আহত হলেই বা কী হবে — এসব নিয়ে কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। সেই শূন্যতা পূরণ করতে এবার আনুষ্ঠানিক নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন।
নতুন নীতিমালা অনুযায়ী, ভোট বা ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে থাকাকালে হামলা বা দুর্ঘটনায় প্রাণ হারালে পরিবার পাবে ১০ লাখ টাকা। স্থায়ীভাবে পঙ্গু হলে ৪ লাখ, সাময়িক অক্ষমতায় ২ লাখ এবং সাধারণ আহত হলে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।
দায়িত্বরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলে পরিবার পাবে ৬ লাখ টাকা। গুরুতর অসুস্থতায় ৩ লাখ, ব্যয়বহুল হাসপাতাল চিকিৎসায় ৩ লাখ এবং সাধারণ ভর্তিতে সর্বোচ্চ ২ লাখ টাকা পাওয়া যাবে।
সুবিধা পেতে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। নির্দিষ্ট কমিটির মাধ্যমে যাচাই শেষে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইসি কর্মকর্তারা বলছেন, উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টন নিয়ে যে জটিলতা তৈরি হতো, নতুন নীতিমালায় সেটাও আর থাকবে না।

মতামত দিন