বিনোদন
ছবি: সংগৃহীত

পাঁচ বছরের মামলায় বেকসুর খালাস নাসির-তামিমা, বিয়ে বৈধ ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

আদালতের কাঠগড়ায় পাঁচ বছর তিন মাস। অভিযোগ ছিল গুরুতর — অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করা, বৈধ তালাক ছাড়াই বিয়ে, ব্যভিচার, মানহানি।

কিন্তু দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে একটিও প্রমাণিত হলো না। বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে সব অভিযোগ থেকে বেকসুর খালাস দিলেন।

মামলার কেন্দ্রে ছিল একটি প্রশ্ন — তামিমা কি আগের স্বামী রাকিব হাসানকে যথাযথভাবে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছিলেন? আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে দেখেন, ২০১৬ সালে তালাক দেওয়ার পর তামিমা সৌদি আরব চলে যান এবং ২০২১ সালে নাসিরকে বিয়ে করেন। তালাকনামার মূল কপি জব্দ হয়েছিল, পোস্টাল রিসিটে কর্মকর্তার স্বাক্ষর নিয়েও বাদীপক্ষ কোনো প্রশ্ন তোলেনি। উচ্চ আদালতের নজির টেনে আদালত বললেন, তালাকের নোটিশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে না পৌঁছালেই তালাক বাতিল হয় না।

রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, এখন আর নাসির-তামিমার বিয়েকে অবৈধ বলার কোনো সুযোগ নেই।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশের পর রাকিব হাসান ওই বছরের ২৪ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেছিলেন। দশজন সাক্ষীর সাক্ষ্য নিয়ে গত এপ্রিলে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আজকের রায়ে সেই বহুল আলোচিত আইনি লড়াইয়ের পরিসমাপ্তি ঘটল।

মতামত দিন