সিরাজগঞ্জে ভোরের আগুনে সর্বস্ব হারালেন সাত দোকানদার, ক্ষতি ৪০ লাখ।
রাতের ঘুম ভাঙেনি তখনো। ভোর ছটার আলো ফোটার আগেই সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল পূর্ব বাজারে আগুন লেগে যায়।
ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস, মনোহারি — কোনোটাই রেহাই পায়নি। ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীর মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ টাকা।
হোটেল ও মিষ্টির দোকানের মালিক লালমিয়া বলেন, তার দুটি দোকানে ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মনোহারি ও বিকাশের দোকানদার রেজাউল করিম জানান, বিকাশের নগদ টাকা, কার্ড ও মালামাল মিলিয়ে তার ক্ষতি ৫ থেকে ৭ লাখ টাকা। ইলেকট্রনিকস দোকানদার রিপন বলেন, ফ্যানসহ কয়েক লাখ টাকার মালামাল ছিল — সব শেষ। সেলুন মালিক লালমোহন বলেন, আমরা নিম্নআয়ের মানুষ, সব হারিয়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন। কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন জানান, তদন্ত শেষে ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা হবে।

মতামত দিন