জাতীয়
ছবি: সংগৃহীত

শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশের অবদান এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সংঘাত ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি কার্যকর ও অনন্য উদ্যোগ হিসেবে কাজ করছে।

মঙ্গলবার (৯ জুন) দেওয়া এক বাণীতে তিনি বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, শান্তিরক্ষীরা কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করে সাহস, ধৈর্য ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছেন। যারা দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সক্রিয় ভূমিকা রেখে আসছে। দেশের শান্তিরক্ষীরা বিভিন্ন দেশে দায়িত্ব পালন করে পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

বক্তব্যে তিনি জানান, বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে অবস্থান করছে। বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণকে তিনি দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

সরকারপ্রধান বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠন সম্ভব। ভবিষ্যতেও বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখবে।

তিনি শেষ পর্যন্ত বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান, শান্তি, মানবতা ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে একটি নিরাপদ বিশ্ব গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার জন্য।

মতামত দিন