রাজনীতি
ছবি: সংগৃহীত

৮.৩৯ লাখ কোটি টাকার বিকল্প বাজেট দিল জামায়াত, গুরুত্ব শিক্ষা ও প্রশাসনে।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের আগামী অর্থবছরের জন্য একটি বিকল্প বা ছায়া বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা, যেখানে প্রশাসন, শিক্ষা-প্রযুক্তি এবং ঋণ পরিশোধ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই বাজেট উপস্থাপন করা হয়। বাজেটের বিস্তারিত তুলে ধরেন নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন।

প্রস্তাব অনুযায়ী, সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে—২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় এক-চতুর্থাংশ। এরপরই গুরুত্ব পেয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাত, যেখানে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা।

বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে ঋণের সুদ পরিশোধে। এ খাতে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যা মোট বাজেটের ১৫ দশমিক ১৯ শতাংশ।

অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫ হাজার ৩৪০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি কৃষি খাতে ৫১ হাজার ৬৭০ কোটি টাকা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৮ হাজার ১৫০ কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে ৪৫ হাজার ২৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতেও প্রায় সমপরিমাণ বরাদ্দ রাখা হয়েছে, যাতে তৃণমূল পর্যায়ের উন্নয়ন কার্যক্রম জোরদার করা যায় বলে জানানো হয়।

এ ছাড়া প্রতিরক্ষা খাতে ৪৩ হাজার ৪৬২ কোটি টাকা, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪ হাজার ৪৫৭ কোটি টাকা এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।

দলটির মতে, এই বিকল্প বাজেটের লক্ষ্য হচ্ছে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষা জোরদার এবং অর্থনীতিকে উৎপাদনমুখী কাঠামোর দিকে নেওয়া।

মতামত দিন