দেশের বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না: জামায়াতে আমির।
জনগণের প্রত্যক্ষ সমর্থনে সরকার গঠিত না হওয়ায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, এ কারণে রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের প্রবণতা বাড়ছে।
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে ২০২৬-২৭ অর্থবছরের জন্য জামায়াতের প্রস্তাবিত ছায়া বাজেট প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল, তারাও মানুষের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে পুরোপুরি সফল হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান রয়ে গেছে।
তিনি আরও বলেন, একটি বাজেটের সফলতা শুধু আয়ের-ব্যয়ের হিসাবের ওপর নির্ভর করে না; বরং সেটি কতটা স্বচ্ছ ও সৎভাবে বাস্তবায়ন করা হচ্ছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জবাবদিহির অভাব থাকলে ভালো বাজেটও কাঙ্ক্ষিত ফল দিতে পারে না।
জামায়াত আমির জানান, সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলে তারা অর্থবছরের সময়কাল পুনর্বিন্যাসের প্রস্তাব উত্থাপন করবেন। তাদের মতে, ক্যালেন্ডার বছরের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থবছর নির্ধারণ করা হলে পরিকল্পনা ও বাস্তবায়নে সুবিধা হবে।
সরকারের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো প্রস্তাব এলে তা নিয়ে সমালোচনা করা হবে। তবে দেশের স্বার্থে ভালো উদ্যোগগুলোকে সমর্থন ও সহযোগিতা করাও বিরোধী দলের দায়িত্ব।
অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে অর্থনীতি, রাজস্ব ব্যবস্থা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা খাত নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।
মতামত দিন