রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ মাহমুদ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, সরকারি দায়িত্বে বহাল থেকে তারা মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর নাখালপাড়ায় একটি বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ অভিযোগ করেন।

তিনি বলেন, জনগণের করের অর্থ ব্যবহার করে ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসকের দায়িত্বে থাকা অবস্থায় কেউ নির্বাচনী প্রচারে জড়াতে পারেন না। নির্বাচনে আগ্রহী হলে আগে দায়িত্ব ছাড়তে হবে।

আসিফ মাহমুদের অভিযোগ, নগরজুড়ে বিপুল সংখ্যক পোস্টার ও প্রচারসামগ্রী ব্যবহারের কারণে পরিবেশ ও নগর ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে গবাদিপশুর অস্থায়ী বাজার বসানোর সমালোচনাও করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপি ইতোমধ্যে কয়েক দফা প্রস্তাব উত্থাপন করেছে বলেও জানান তিনি। তবে নির্বাচনে দলটি এককভাবে অংশ নেবে নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণে যাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তফসিল ঘোষণার পর বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের সম্ভাব্য নির্বাচনী অংশগ্রহণ প্রসঙ্গেও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তার বক্তব্য, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয়। সরকারের বিভিন্ন পর্যায় থেকে এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য আসায় বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও বিভিন্ন স্থানে দলটির কর্মসূচি দেখা যাচ্ছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

বৃক্ষ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে তিনি পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

মতামত দিন