রূপগঞ্জে অবৈধ দখলে থাকা খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু।
রূপগঞ্জে প্রতি বর্ষায় ২০টি গ্রামের ৩০ হাজার পরিবার ডুবে যায়। কারণ একটাই — খালের সাত কিলোমিটার দখল করে বসে আছে শিল্পপ্রতিষ্ঠান ও প্রভাবশালীরা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় পরিচালিত এই অভিযানে মজুমদার গ্রুপ ও এএসবিআরএম স্টিল মিলসহ একাধিক শিল্পপ্রতিষ্ঠানের দখল করা খালের অংশ উদ্ধার করা হয়। খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
পাউবো জানিয়েছে, রূপগঞ্জে তাদের আওতাধীন ১৩ কিলোমিটার খালের মধ্যে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘদিন ধরে ১২টি বড় শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যক্তির কব্জায়। নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ বলেন, সম্পূর্ণ খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মতামত দিন