তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব, নির্মাতা বললেন 'তিনি ঠিক আছেন'।
সামাজিক মাধ্যমে অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে এই গুঞ্জন ছড়ায়।
নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, 'সত্যি না; তিনি ঠিক আছেন।' জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির কয়েক দফা অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে আছেন।
এই প্রজন্মের অন্যতম ব্যস্ত নাট্যাভিনেত্রী তানিয়া বৃষ্টি একক নাটকে নিয়মিত অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তার সাম্প্রতিক কাজের মধ্যে 'জামাই বউ বাটপার', 'সুইট প্রেমিক', 'দাদীর দাদাগিরি' ও 'কাবিনের বোঝা' উল্লেখযোগ্য। 'সুইট প্রেমিক' নাটকটি দর্শকমহলে বিশেষ সাড়া ফেলেছিল। তুহিন হোসেন পরিচালিত 'জয়িতার দিনরাত্রি' এবং 'এই শহরে মেঘেরা একা' নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

মতামত দিন