আলিম পরীক্ষায় সব কেন্দ্রে বাধ্যতামূলক সিসিটিভি স্থাপনের নির্দেশ।
আসন্ন আলিম পরীক্ষা নকলমুক্ত রাখতে দেশের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড। যেসব কেন্দ্রে এখনো ক্যামেরা বসানো হয়নি, তাদের আগামী ২০ জুনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।
সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের স্বাক্ষরে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাকক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অফিসকক্ষ এবং যে কক্ষে প্রশ্নপত্র খোলা হবে — সব জায়গাই সিসিটিভির আওতায় আনতে হবে। ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে কর্তৃপক্ষকে সরবরাহ করতে বাধ্য থাকবেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
সিসিটিভি তথ্য বোর্ডের ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) নির্ধারিত পদ্ধতিতে এন্ট্রি করতে হবে। এ জন্য সাইটে প্রবেশ করে Alim > eCIS > 2026 সিলেক্ট করে সেন্টার কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
এ ছাড়া ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণের ক্ষেত্রেও স্বচ্ছতা আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র যারা গ্রহণ করবেন তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডের নির্ধারিত ই-মেইলে (dcexam@bmeb.gov.bd) পাঠাতে হবে।
মতামত দিন