পাবনায় কিশোরী ধর্ষণ ও হত্যার জেরে আসামির বাড়িতে আগুন,সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু।
পাবনায় কিশোরী ধর্ষণ ও হত্যার জেরে উত্তেজিত জনতার আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সোমবার বিকেলে একজন এবং মঙ্গলবার সকালে আরও দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের সুমন শেখ, সাইফুল ইসলাম সাব্বির ও সাপু।
ঘটনার সূত্রপাত গত ৩ জুন। সেদিন পদ্মা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার হয়। পরদিন দাফনের পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। তবে ওই সময় আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না। আগুন ছড়িয়ে পড়ার একপর্যায়ে ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে কাছে থাকা উৎসুক প্রতিবেশীরা মারাত্মকভাবে দগ্ধ হন।
এদিকে কিশোরী হত্যার ঘটনায় তার কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। অগ্নিসংযোগ ও মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি তরিকুল ইসলাম।

মতামত দিন