দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ৮ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে।
দক্ষিণ লেবাননের প্রাচীন উপকূলীয় শহর টায়ারে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৮ জন প্রাণ হারিয়েছেন। আল জাজিরা আরবি দক্ষিণ লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি বাহিনী আগেই এলাকাবাসীকে সরে যেতে উচ্ছেদ নির্দেশ জারি করে। সেই নির্দেশের পরপরই জনবহুল আবাসিক এলাকাটিতে তীব্র বিমান হামলা চালানো হয়। বিধ্বস্ত ভবনগুলোর নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে অভিযান চলছে।
গত কয়েক সপ্তাহে দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলি হামলার ধারা অব্যাহত রয়েছে। টায়ারের এই হামলায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

মতামত দিন