সতর্ক না হলে শিগগিরই একা লড়তে হবে, নেতানিয়াহুকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে মার্কিন সমর্থন হারাতে পারে ইসরায়েল — এমন স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহুকে সরাসরি বলেছেন — সতর্ক না হলে শিগগিরই একা লড়তে হবে।
রোববার বৈরুতে ইসরায়েলের বোমা হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জবাবে ইরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে। রোববার সন্ধ্যায় ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে পাল্টা হামলা না চালাতে অনুরোধ করেন। কিন্তু সোমবার ভোরেই ইসরায়েল ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের মিনাবে একটি বিদ্যালয়ে হামলায় ১৬৭ শিশু নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ ছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনাও লক্ষ্যবস্তু হয়। পাল্টা হামলায় ইরান হাইফার একটি শিল্পস্থাপনা এবং দুটি ইসরায়েলি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে।
এই পরিস্থিতিতে ট্রাম্প ট্রুথ সোশ্যালে উভয় পক্ষকে হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শান্তির লক্ষ্যে চূড়ান্ত আলোচনা চলছে — যদি না অজ্ঞতা এতে বাধা হয়ে দাঁড়ায়।
এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে বড় উত্তেজনার ঘটনা। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, যেকোনো শান্তিচুক্তি আংশিকভাবে লেবাননের সংঘাত বন্ধের ওপর নির্ভর করবে। উভয় পক্ষ সাময়িকভাবে হামলা স্থগিত রাখার কথা জানালেও পরিস্থিতি এখনো ভঙ্গুর।

মতামত দিন