শিক্ষাক্রমে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে চার নতুন বিষয়।
দেশের শিক্ষাব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে ২০২৮ সাল থেকে চালু হতে যাওয়া শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, বর্তমান শিক্ষাক্রমকে সংশোধন ও যুগোপযোগী করার কাজ চললেও বড় ধরনের পরিবর্তন কার্যকর হবে ২০২৮ সালে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণি থেকে ‘ক্রীড়া শিক্ষা’ ও ‘সংস্কৃতি শিক্ষা’ নামে দুটি বিষয় চালুর প্রস্তাব রয়েছে। অন্যদিকে মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণি থেকে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ অন্তর্ভুক্ত করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞান নয়, শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও মানসিক বিকাশকে গুরুত্ব দিয়েই নতুন শিক্ষাক্রম সাজানো হচ্ছে। এ কারণে পাঠ্যসূচিতে কিছু নতুন উপাদান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, দীর্ঘদিনের বিভিন্ন সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার কাজ করছে। তার ভাষ্য, বিদ্যমান কাঠামোতে সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের পাশাপাশি নতুন বিষয় যুক্ত করা হবে।
তিনি আরও জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ সক্ষমতা বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষার জন্য আলাদা ও বিস্তৃত অধ্যায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন বিষয়গুলোর কিছু প্রাথমিক এবং কিছু মাধ্যমিক স্তর থেকে চালু হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেখানে নতুন শিক্ষাক্রমের খসড়া পরিকল্পনা এবং বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতামত দিন