খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিসিবির পরিচালক পদে নির্বাচিত হয়েই সরে দাঁড়ালেন মীর সীমান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করেছেন। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার একদিনের মধ্যেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি Tamim Iqbal বরাবর পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের বিষয়টি জানান। সেখানে ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে বোর্ডের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হবে না বলে উল্লেখ করেন।

রাজশাহী অঞ্চল থেকে পরিচালক নির্বাচিত হওয়া মীর সীমান্ত বলেন, বর্তমানে পারিবারিক ব্যবসা পরিচালনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হচ্ছে। ফলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার একজন পরিচালক হিসেবে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে কঠিন হবে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে পূর্ণ সক্ষমতা নিশ্চিত করতে না পারলে পদে থাকা সমীচীন হবে না বলেও মত প্রকাশ করেন তিনি।

মীর সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। বিসিবির সর্বশেষ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী ছাড়াই পরিচালক পদে নির্বাচিত হন।

তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানানো হয়েছে। ফলে রাজশাহী অঞ্চলের পরিচালক পদটি নিয়ে এখন বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর রয়েছে ক্রিকেট অঙ্গনের।

মতামত দিন