আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ ভেস্তে দিতে সক্রিয় ইসরায়েল, অভিযোগ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কূটনৈতিক সমঝোতা নিয়ে নতুন মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার দাবি, তেহরান-ওয়াশিংটন আলোচনা সফল হোক, এমনটি চায় না ইসরায়েল এবং সেই কারণেই আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে দেশটি।

এক বক্তব্যে ফিদান বলেন, ইসরায়েল মনে করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হলে তা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হবে। ফলে আলোচনার পরিবেশ নষ্ট করতে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখতে ইসরায়েলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা প্রয়োজন। অন্যথায় চলমান কূটনৈতিক উদ্যোগগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের নির্দেশনায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের ভূখণ্ডে হিজবুল্লাহর গোলাবর্ষণের প্রতিক্রিয়ায় ওই হামলা চালানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, বিমান বাহিনী দক্ষিণ বৈরুতের একটি অপারেশন সেন্টারকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছিলেন যে, বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন হামলা চালানোর বিষয়ে তিনি ইসরায়েলকে নিরুৎসাহিত করেছেন। তবে তার ওই অবস্থানের পরও ইসরায়েলের সামরিক পদক্ষেপ অঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: টার্কি টুডে

মতামত দিন