আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্পের বার্তার পর হামলা থামানোর ইঙ্গিত ইসরায়েলের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইসরায়েল সাময়িকভাবে হামলা স্থগিত করেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। তবে একই সঙ্গে লেবানন সীমান্ত পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিতও দিয়েছে তেল আবিব।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্পের অনুরোধের পর ইরানের বিরুদ্ধে চলমান আক্রমণ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি অভিযান থেমে যাচ্ছে না। বরং আগামী কয়েক দিন সেখানে পূর্ণ মাত্রায় সামরিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরান ও ইসরায়েল উভয় পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর পর তেহরানও সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয়। ইরানের জরুরি সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া ঘাঁটির এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীর অভিযান স্থগিত করার কথা জানানো হয়।

তবে বিবৃতিতে সতর্কবার্তাও ছিল। ইরান জানিয়েছে, দক্ষিণ লেবানন কিংবা অন্য কোথাও যদি ইসরায়েলি হামলা অব্যাহত থাকে, তাহলে আগের তুলনায় আরও কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে।

সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত রোববার। ওইদিন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করলে তার জবাবে বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে এমন পদক্ষেপ না নিতে ইসরায়েলকে সতর্ক করেছিল ইরান।

পরে আইআরজিসি ঘোষণা দিয়েছিল, বৈরুত লক্ষ্য করে হামলা হলে ইসরায়েলকে তার মূল্য দিতে হবে। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী।

এরপর ট্রাম্প উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও রাতভর উত্তেজনা কমেনি। তেহরান, তাবরিজসহ ইরানের একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও হামলা চালায়। সোমবার সকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

তবে চ্যানেল ১২-এর প্রতিবেদনে উল্লিখিত দাবি সম্পর্কে এখন পর্যন্ত ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো স্বাধীন সূত্র থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

মতামত দিন