ইসরায়েলের হাইফার পেট্রোকেমিক্যাল কারখানায় পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।
ইসরায়েলের হাইফা শহরে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, এটি ছিল প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ। তারা জানায়, হাইফার একটি রাসায়নিক শিল্প স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যা পূর্ববর্তী ইসরায়েলি অভিযানের জবাব।
এর আগে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর পরিস্থিতিকে আরও বিস্তৃত সংঘাত হিসেবে উল্লেখ করছে তেহরান।
আইআরজিসি সতর্ক করে বলেছে, বেসামরিক অবকাঠামো ও জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরায়েল একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। ভবিষ্যতে এই ধরনের হামলা অব্যাহত থাকলে অঞ্চলজুড়ে জ্বালানি স্থাপনাগুলোও প্রতিশোধমূলক আঘাতের আওতায় আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তারা।
সংগঠনটি আরও অভিযোগ করেছে, এসব ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের পরোক্ষ ভূমিকা রয়েছে এবং সংঘাতের বিস্তারের দায় তাদের ওপরও বর্তাবে বলে মন্তব্য করেছে।
সূত্র: আল জাজিরা
মতামত দিন