রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপি-অ্যাম্বুলেন্স মালিকদের সংঘর্ষ, অ্যাম্বুলেন্স ভাড়া বাড়ল ৩০ শতাংশ।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রোগী ও মরদেহ পরিবহনে অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান ভাড়ার সঙ্গে ৩০ শতাংশ বৃদ্ধি যোগ করে নতুন হার কার্যকর করা হয়েছে।

সোমবার (৮ জুন) হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় হাসপাতাল কর্তৃপক্ষ, অ্যাম্বুলেন্স মালিক সমিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে উপস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ থাকবে না। কোনো যাত্রী অভিযোগ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত নিশ্চিত করতে হবে।

অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির নেতারা জানান, জ্বালানি, যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের দাবি দীর্ঘদিনের। তারা অর্ধেকেরও বেশি ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিলেও আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত ৩০ শতাংশ বৃদ্ধিতে সম্মতি হয়।

সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ চৌধুরী বলেন, নতুন ভাড়া সোমবার থেকেই কার্যকর হয়েছে এবং আগামী তিন মাস এই হার বহাল থাকবে। পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, হাসপাতাল এলাকায় বাইরের অ্যাম্বুলেন্সের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। তবে রোগী বা স্বজনদের ব্যক্তিগত যানবাহন ব্যবহারে কোনো বাধা থাকবে না।

এদিকে হাসপাতালসংলগ্ন সড়কে দীর্ঘদিনের যানজট নিরসনে নতুন নির্দেশনাও দিয়েছেন মেয়র। তিনি জানান, প্রধান সড়কে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা যাবে না। নির্ধারিত দুটি স্থানে গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে, যাতে চিকিৎসাসেবা নিতে আসা মানুষকে ভোগান্তিতে না পড়তে হয়।

উল্লেখ্য, সম্প্রতি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স মালিক সমিতি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার একদিন পরই ভাড়া পুনর্নির্ধারণের এই সিদ্ধান্ত এলো।

মতামত দিন