ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

দোকান-শপিংমল দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের খুচরা ব্যবসা সচল রাখা এবং ব্যবসায়ীদের আর্থিক চাপ কমানোর স্বার্থে দোকান ও শপিংমল খোলার সময় বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এ লক্ষ্যে সংগঠনটি প্রধান উপদেষ্টা তারেক রহমানের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছে।

সোমবার (৮ জুন) সংগঠনের সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালনার অনুমতি চাওয়া হয়েছে।

আবেদনপত্রে ব্যবসায়ী নেতারা উল্লেখ করেন, দেশের খুচরা বাজারব্যবস্থা লাখো মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বাজার, শপিংমল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ৭০ লাখ ব্যবসায়ী, কর্মচারী ও তাদের পরিবার নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যবসা পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এ খাতের উদ্যোক্তারা নানা সংকটে পড়েছেন।

তাদের দাবি, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন, ঋণের কিস্তিসহ বিভিন্ন ব্যয় বৃদ্ধির কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে উঠেছে। এর মধ্যে সন্ধ্যার পর দোকান বন্ধ রাখার বিধিনিষেধ বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

চিঠিতে আরও বলা হয়, কর্মজীবী মানুষের একটি বড় অংশ দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যার পর কেনাকাটার জন্য বাজারে যান। ফলে ব্যবসাপ্রতিষ্ঠান দ্রুত বন্ধ হয়ে গেলে সম্ভাব্য ক্রেতাদের একটি বড় অংশ সেবা থেকে বঞ্চিত হন এবং ব্যবসায়ীরাও বিক্রির সুযোগ হারান।

সমিতির মতে, দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হলে ব্যবসার পরিধি বাড়বে, কর্মসংস্থান টিকে থাকবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। একই সঙ্গে সাধারণ মানুষ সুবিধাজনক সময়ে কেনাকাটা করতে পারবেন।

ব্যবসায়ী নেতারা সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন, যা সামগ্রিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলবে।

মতামত দিন