আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তেহরানের আকাশে ড্রোন ভূপাতিত, হামলা বন্ধে ইরান-ইসরায়েলকে ট্রাম্পের আহ্বান।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে তেহরানের আকাশসীমায় একটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হয়ে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করে ভূপাতিত করেছে।

ইরানের মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরানের আকাশে উড়তে থাকা ড্রোনটিকে শনাক্ত করার পর প্রতিরক্ষা ইউনিট ব্যবস্থা নেয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।

এদিকে চলমান উত্তেজনা প্রশমনে সরাসরি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি ইরান ও ইসরায়েল উভয় পক্ষকে অবিলম্বে সামরিক হামলা বন্ধ করার আহ্বান জানান।

ট্রাম্পের ভাষ্য, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই দুই দেশকে পাল্টাপাল্টি আক্রমণ থেকে সরে আসতে হবে। তবে তার এই আহ্বানের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায়।

আইআরজিসির দাবি, বৈরুতে চালানো হামলার প্রতিশোধ হিসেবেই ওই ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করা হয়েছে। ফলে অঞ্চলজুড়ে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

মতামত দিন