জাতীয়
ছবি: সংগৃহীত

মেঘনার পানি দিয়ে ঢাকার চাহিদা মেটানোর পরিকল্পনা, গন্ধর্বপুর প্রকল্প চালু হবে আগামী বছর।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর পানির ক্রমবর্ধমান চাহিদা পূরণে মেঘনা নদীর পানি শোধন করে সরবরাহের বৃহৎ উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে সরকার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে এবং আগামী এক বছরের মধ্যে এটি পুরোপুরি চালু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ জুন) প্রকল্প এলাকা পরিদর্শনের পর তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অবশিষ্ট কাজ সম্পন্ন হওয়ার পর প্রকল্পটি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে।

মন্ত্রী জানান, প্রকল্পের প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পরিশোধিত পানি ঢাকায় সরবরাহ করা হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপের অবকাঠামো যুক্ত হলে সরবরাহ ক্ষমতা দ্বিগুণ হয়ে দৈনিক ১০০ কোটি লিটারে উন্নীত হবে।

তিনি বলেন, রাজধানীতে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ উৎস থেকে পানি উত্তোলনের কারণে পানির স্তর ধারাবাহিকভাবে নিচে নেমে যাচ্ছে। এ অবস্থায় বিকল্প উৎস হিসেবে নদীর পানি ব্যবহারের উদ্যোগ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট অংশ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টরা কাজ করছেন। দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে প্রকল্পটি ঢাকার পানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় ১০ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা এই শোধনাগারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মেঘনা নদীর পানি বিশুদ্ধ করা হবে। এর ফলে রাজধানীর বাসিন্দারা নিরাপদ পানির আরও নির্ভরযোগ্য উৎস পাবেন।

কাজের অগ্রগতি পর্যালোচনা শেষে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করে প্রকল্পটি দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

মতামত দিন