আদ্-দীন হাসপাতালের ঘটনায় মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত, কঠোর অবস্থানের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর।
আদ্-দীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিষয়টি জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় দায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে মঙ্গলবার (৯ জুন) চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ সরকারের কাছে এক লাখ আইভি স্যালাইন হস্তান্তর করে।
মন্ত্রী জানান, তদন্ত-সংশ্লিষ্ট তথ্য ও সুপারিশ পর্যালোচনার জন্য আরও কিছু সময় নেওয়া হয়েছে। সরকার নিজস্ব আইনজীবীর মাধ্যমে পুরো বিষয়টি মূল্যায়ন করবে এবং সেই আলোকে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ নেয়, সেটি তাদের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেন তিনি। তবে এতে সরকারের অবস্থান বা সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না বলেও স্পষ্ট করেন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা বাড়লে যাতে চিকিৎসাসামগ্রী সংকট তৈরি না হয়, সে জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে সরকারি মজুত পর্যাপ্ত রয়েছে এবং স্যালাইন সরবরাহ নিয়েও উদ্বেগের কারণ নেই।
অন্যদিকে, দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে নিয়মিত টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটায় পরিস্থিতির অবনতি হয়েছে। তবে বর্তমান সরকার টিকাদান কর্মসূচি জোরদারের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে দেশের ওষুধ শিল্প নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশে উৎপাদিত ওষুধ রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে এ খাতের উপস্থিতি আরও বিস্তৃত করতে সরকার বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবে।

মতামত দিন