অর্থনীতি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে লাফ, চাপে শেয়ারবাজার।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বৈশ্বিক অর্থনীতি নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে। সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুত বেড়েছে, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

সোমবার (৮ জুন) সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলারের ওপরে উঠে যায়। বিনিয়োগকারীদের মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান দাম এখনও ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে থাকলেও পরিস্থিতি আরও খারাপ হলে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাত তীব্র হওয়ার সময় গত এপ্রিলে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলার পর্যন্ত পৌঁছেছিল।

যুদ্ধবিরতির পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে কূটনৈতিক আলোচনার সম্ভাবনায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছিল। অনেকেই আশা করেছিলেন, রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কমে আসবে এবং জ্বালানি বাজার স্থিতিশীল হবে।

তবে সেই আশাবাদে ধাক্কা লাগে বৈরুতে ইসরায়েলি হামলার পর। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিই ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রথম সরাসরি হামলা বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের সতর্কতা, সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হবে। আর এমন পরিস্থিতি দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নতুন করে বড় ধরনের ঊর্ধ্বমুখী চাপের মুখে পড়তে পারে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন