অপরাধ
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ৪৭ জন।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৪৭ জন।

গত শুক্রবার বিকেলে নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে এই মিছিল বের হয়। মিছিলকারীরা সরকারবিরোধী স্লোগান দেন এবং সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বাধাগ্রস্ত করেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর সুধারাম থানায় মামলা হলে শুক্রবার রাতেই ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাতে আরও ২৩ জনকে আটক করা হয়। রোববার মামলার এজাহারভুক্ত ২৪ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানার ওসি জানান, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

এই ঘটনার জের ধরে শনিবার বিকেলে কালাদরাপ ইউনিয়নে আওয়ামী লীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ জড়ো হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে আওয়ামী লীগের একটি কার্যালয় ও বিএনপির এক কর্মীর মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

মতামত দিন