দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হতে পারেন হান সিয়ং-সুক।
স্থানীয় নির্বাচনে বড় সাফল্যের পরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং নতুন প্রধানমন্ত্রী মনোনয়নের ঘোষণা দিয়েছেন। তার পছন্দ — বর্তমান এসএমই ও স্টার্টআপমন্ত্রী হান সিয়ং-সুক।
তবে যে নির্বাচনের পরে এই ঘোষণা, সেটি নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন। ভোটের দিন প্রায় পঞ্চাশটি কেন্দ্রে ব্যালট পেপার ফুরিয়ে যায়, বঞ্চিত হন অনেক ভোটার। বিতর্কের জেরে পদ ছাড়তে বাধ্য হয়েছেন নির্বাচন তদারকি সংস্থার প্রধান। পাশাপাশি রাজধানী সিউলের মেয়র পদেও হেরেছে ক্ষমতাসীন দল।
প্রেসিডেন্টের দফতর অবশ্য এসব বিতর্ককে পাশে রেখে হানের যোগ্যতার পক্ষেই জোর দিচ্ছে। চিফ অব স্টাফের ভাষায়, এআই যুগ ও বৈশ্বিক অনিশ্চয়তার মুখে অর্থনীতি সামলাতে তিনিই উপযুক্ত নেতৃত্ব।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায় অনুমোদন আটকানোর সম্ভাবনা কম। এরই মধ্যে বিদায়ী প্রধানমন্ত্রী কিম মিন-সক দলীয় নেতৃত্বের লড়াইয়ে নামতে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মতামত দিন