২০২৭ সালের হজের প্রস্তুতি শুরু, নিবন্ধন সারতে হবে সেপ্টেম্বরের মধ্যে।
আগামী বছরের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এই রোডম্যাপ জারি করা হয়।
গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে এই রোডম্যাপ হস্তান্তর করে। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন উপস্থিত ছিলেন।
রোডম্যাপ অনুযায়ী, হজযাত্রী নিবন্ধন শেষ করতে হবে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে। এরপর ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষর হবে। ভিসা ইস্যু শুরু হবে আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে এবং হজ ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল থেকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
সৌদি প্রান্তের খরচ পরিশোধে এবার নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেট ব্যবহার করতে হবে। এই অর্থ স্থানান্তরের সুযোগ থাকবে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। তাঁবু, হোটেল, পরিবহন ও ক্যাটারিংসহ সামগ্রিক সেবা প্যাকেজের চুক্তি করা যাবে ২৯ জুলাই থেকে আগামী বছরের ২৩ জানুয়ারির মধ্যে।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে ঘোষিত সময়সূচি মেনে কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।

মতামত দিন