ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

দেশীয় ওষুধ এখন বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

দেশীয় ওষুধ এখন বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জন করা গেলে এই রপ্তানির পরিধি আরও বাড়বে।

হাম পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী জানান, যেসব শিশুকে টিকা দেওয়া হয়েছে তাদের শরীরে কার্যকর অ্যান্টিবডি তৈরি হতে জুন মাস পর্যন্ত সময় লাগবে। হামকে শূন্যে নামিয়ে আনতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালকে দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। এর আগে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়ায় ৭২ ঘণ্টার মধ্যে লাইসেন্স বাতিল না করার কারণ জানতে চেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতাল কর্তৃপক্ষ আরও সময় চেয়ে আবেদন করলে সেই সময় বাড়ানো হয়।

এছাড়া সারা দেশে আন্দোলনরত চিকিৎসকদের দাবিগুলো যাচাই করা হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত সরকার স্বাস্থ্যসেবার সরঞ্জামে বড় ধরনের সংকট তৈরি করে রেখে গেছে।

মতামত দিন