মন্ত্রীর এপিএস ও উপমন্ত্রীর পিএসদের বেতন বাড়লো, মিলবে না পেনশন-গ্র্যাচুইটি।
সরকারি চাকরির বাইরে থেকে মন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত কার্যালয়ে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া একান্ত সচিব ও সহকারী একান্ত সচিবদের মাসিক মূল বেতন এখন থেকে ৩২ হাজার ৫৪০ টাকায় উন্নীত হচ্ছে। তবে এই বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়েছে একগুচ্ছ সীমাবদ্ধতা, যা নিয়মিত সরকারি কর্মকর্তাদের তুলনায় তাদের অনেকটাই পিছিয়ে রাখছে।
অর্থ বিভাগ জানিয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫-এর নবম গ্রেডের অষ্টম ধাপে এই বেতন নির্ধারণ করা হয়েছে। কিন্তু একই গ্রেডের নিয়মিত কর্মকর্তারা যেখানে বার্ষিক বেতন বৃদ্ধি, পেনশন, আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিলের সুবিধা পান, সেখানে এই অস্থায়ী নিয়োগপ্রাপ্তরা এর কোনোটিই পাবেন না।
নীতিগতভাবে প্রশ্ন উঠছে, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া এই পদগুলোতে দীর্ঘমেয়াদি কোনো নিরাপত্তা না রেখে কেবল মূল বেতন বাড়ানো কতটা কার্যকর পদক্ষেপ। বিশেষত যারা পেশাদার ক্যারিয়ার ছেড়ে এই পদে যোগ দিচ্ছেন, মেয়াদ শেষে তারা কোনো আর্থিক নিরাপত্তাজাল ছাড়াই বেরিয়ে আসবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এই সিদ্ধান্ত জানিয়েছে। তবে এটি কার্যকর হওয়ার তারিখ বা কতজন এই সুবিধার আওতায় আসবেন, সে বিষয়ে সরকারিভাবে এখনো বিস্তারিত জানানো হয়নি।

মতামত দিন