ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর ৩ দেশে সুনামি সতর্কতা জারি।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের সার্রাঙ্গানি উপকূলে সোমবার ভোরে ৭.৮ মাত্রার প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কেঁপে ওঠে গোটা এলাকা। ১৯৯০ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূকম্পন।
কোটাবাতো ট্রেঞ্চ থেকে উদ্ভূত এই কম্পন জেনারেল সান্তোস শহরে একটি রেস্তোরাঁসহ বেশ কয়েকটি ভবন ধসিয়ে দিয়েছে। সেন্ট এলিজাবেথ হাসপাতালের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগী ও চিকিৎসকদের বাইরে সরিয়ে নিতে হয়েছে। এছাড়া মাতানাওয়ের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ ধসে পড়েছে — এবং এটি ছিল নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন।
ভূমিকম্পের পর পর্যবেক্ষণ কেন্দ্রগুলোয় ১.৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। ফিলিপাইনের ভূতত্ত্ব ও আগ্নেয়গিরি বিষয়ক সংস্থা ফিভোলকস সার্রাঙ্গানি, ডাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই ও সুলুসহ নয়টি প্রদেশের উপকূলবাসীকে অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ, সুলাওয়েসি ও বোর্নিও এবং জাপানেও সুনামি সতর্কতা জারি হয়। উত্তর সুলাওয়েসিতে হাসপাতালের রোগীসহ উপকূলবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সকাল ১১টা পর্যন্ত ১৩৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৬.৭। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ বছর ১৯৭৬ সালের মোরো গালফ ভূমিকম্পের ৫০ বছর পূর্তি, যেখানে ৮.১ মাত্রার সেই বিপর্যয়ে হাজার হাজার প্রাণ গিয়েছিল। বর্তমান ভূমিকম্পটিও একই কোটাবাতো ট্রেঞ্চের সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনো বিশ্লেষণ চলছে।
সূত্র: জিএমএ নিউজ, আল জাজিরা, সিএনএন

মতামত দিন